বিভাজন থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৩ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর কফিনে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে বিভাজন সৃষ্টি হয়েছে। সে বিভাজন থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত। বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত।

হায়দার আকবর খান রনোর অবদান তুলে ধরে তিনি বলেন, হায়দার আকবর খান রনো সারাটি জীবন দেশের জন্য, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের মুক্তির জন্য, কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন। তার চলে যাওয়া নিঃসন্দেহে শূন্যতা সৃষ্টি করেছে। একজন মুক্তিযোদ্ধা, আন্দোলন-সংগঠক হিসেবে বাংলাদেশকে যা দেখতে চেয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে সে বাংলাদেশ তিনি দেখতে পাননি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন প্রমুখ।