মৌলভীবাজারের কুলাউড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও বরিশালে আরো নয়জনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
মৌলভীবাজার: গত রোববার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার আছুরিঘাটে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে জুড়ী উপজেলার কুচাই ফাঁড়ি চা বাগানের বাসিন্দা পুজন মুন্ডা (৩৫) নামে এক আদিবাসী যুবক ঘটনাস্থলে মারা যান। আহত হন গাড়িচালকসহ পূজন মুণ্ডার পরিবারের আরো চার সদস্য। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে দীনবন্ধু মুণ্ডা (৫৫) ও তার বড় ভাই রবীন্দ্র মুণ্ডা (৬০) মারা যান।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শ্রীমঙ্গল উপজেলার রাধানগর চা বাগানে দীনবন্ধু মুণ্ডার মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন তারা। সন্ধ্যায় আছুরিঘাট এলাকায় অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা জানান, ময়নাতদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানচালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ: শান্তিগঞ্জের দরগাপাশায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে৷। নিহতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. শিব্বির আহমদ (২২) ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে দরগাপাশা পয়েন্টে জগন্নাথপুর থেকে ছেড়ে আসা একটি মিনিবাস মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিব্বির আহমদ মারা যান। এ সময় তার সঙ্গে থাকা সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়াগামী একটি কার্ভাড ভ্যান বিপরীতগামী অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। চালক শিবালয়ের আমিনুর ইসলাম ও যাত্রী একই উপজেলার ছোট আনুলিয়া গ্রামের রুবেল মিয়া ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম।
গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে দুই সহোদর নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হিরণ্যকান্দি দক্ষিণ পাড়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মিঠুন মাতুব্বর (৩৪) ও অন্তর মাতুব্বর (১৯)।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, দুই ভাই মোটরসাইকেলে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ি ভাঙ্গা উপজেলার নোয়াকান্দি গ্রামে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিঠুন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। অন্তর মাতুব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় ট্রাক্টরচাপায় সামিউল ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সামিউল ইসলাম উপজেলার ওই গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে।
এছাড়া বিকালে সদর উপজেলার কিরনগাছী গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে টুটুল রহমান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
বরিশাল: নগরীর কালিজিরা সেতু এলাকায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সজীব খান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা রিয়াজ হোসেন (২৫) আহত হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে দুর্গাপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর তারা দুজন মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন।
সজীব খান সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার আবু ইসাহাক খানের ছেলে এবং রিয়াজ উদ্দিন একই এলাকার বজলুল হকের ছেলে।










