অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ আইনের জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।
আজ বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে উপদেষ্টা হাসান আরিফ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ এফ হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়াও তিনি ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং সে সময় হতে নিরবচ্ছিন্নভাবে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করে আসছিলেন।










