বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ধরনের ভিড় বা সমবেত না হওয়ার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ নির্দেশনা মানতে বলা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন। লন্ডন থেকে রওনা হওয়া বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
যাত্রাবিরতি চলাকালীন সিলেট বিমানবন্দরে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সমবেত না হওয়ার জন্য কড়া নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সিলেট জেলা ও মহানগরসহ পুরো সিলেট বিভাগের নেতাকর্মীদের এ দলীয় নির্দেশনা মেনে চলতে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। এছাড়া দলটির পক্ষ থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও জানানো হয়েছে।










