জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd) এটি দেখা যাবে। যার মধ্যে ৮৫৮ জন নিহত ও ১১ হাজার ৫৫১ জন আহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত খসড়া তালিকায় শহীদ ও আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন ও চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ, প্রতিনিধিদের মতামতের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও এ তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা সংযোজন-বিয়োজন করার মতো কোনো তথ্য থাকলে ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইল (muspecialcell36@gmail.com)- এ জানাতে বলা হয়েছে।










