গাজীপুরের জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে কাজীবাড়ি এলাকায়
শুক্রবার (৩ মে) একটি তেলবাহী ট্রেন ও একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চার জন আহত হয়েছে। এ সময় উভয় ট্রেনের ২ ইঞ্জিন
এবং ১০টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-রাজশাহী রেল রুটের ট্রেন
চলাচল ২ ঘণ্টা বন্ধ থাকে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ বিষয়টি নিশ্চিত
করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর রেলওয়ে
স্টেশনের দক্ষিণে কাজী বাড়ি নামক স্থানে একটি তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল থেকে
ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের লোকো মাস্টার
বা চালকসহ চারজন আহত হয়। সিগন্যাল ম্যানের ভুলের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে
জানান তিনি।
দুর্ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১০টা ৫০ মিনিটের দিকে
কাজিবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী গাড়িকে টাঙ্গাইল কমিটির ট্রেনটি সজোরে
ধাক্কা দেয়। এ সময় টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে যাত্রীর সংখ্যা খুব কম ছিল। ফলে সামান্য
কয়েকজন আহত হলেও কেউ নিহত হয়নি। দুর্ঘটনার পর পর জয়দেবপুর ফায়ার স্টেশন রেলওয়ে
পুলিশ এবং জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আহতদেরকে উদ্ধার করে স্থানীয়
শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জয়দেবপুর ফায়ার স্টেশন এর উপ-পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন জানান,
দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, দুর্ঘটনায়
চারজন রেলওয়ে কর্মী আহত হয়েছেন। তারা হলেন হাবিবুর রহমান, সবুজ হোসেন, রিপন চন্দ্র
বিশ্বাস ও দেলোয়ার হোসেন। এরা সকলেই ট্রেনের চালক এবং সহকারী চালক বলে জানা গেছে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল
ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি সাংবাদিকদের জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা
প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানকে প্রধান করে গঠিত এ কমিটিকে আগামী দুই দিনের মধ্যে
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও বিস্তারিত প্রতিবেদন প্রদান করতে বলা হয়েছে।
অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ আরো দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে
সিওপিএস মো. শহীদুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের আঞ্চলিক কমিটি করা হয়েছে। আর রেলওয়ের
ঢাকা বিভাগীয় প্রকৌশলী (সিগন্যাল ও টেলিকমিউনিকেশন) সৌমিক শাওন কবিরকে প্রধান করে পাঁচ
সদস্যের আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে।
তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক
মোহাম্মদ শফিকুর রহমান বলেন, দুই কমিটিকেই তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা
হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, হিউম্যান ফেইলিওর অথবা টেকনিক্যাল
প্রবলেমের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
এদিকে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর ময়মনসিংহ ও রাজশাহীগামী
সব ধরনের ট্রেন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। বেলা একটার দিকে ওই রুটগুলোতে পুনরায়
ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টার আবু হানিফ।










