জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ, হত্যা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দল একাধিকবার নোটিশ দিয়েও আলোচনার সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আজকের যে সব সংকট সেগুলো নিয়ে আমরা দফায় দফায় নোটিশ দিয়েছি, আলোচনা করতে চেয়েছি। কিন্তু বিভিন্ন ধারার অজুহাতে সেগুলো গুরুত্ব পাচ্ছে না। তাই রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল। আজকের জ্বালানি সংকট নিয়ে আমরা লংমার্চ করেছি। সেখানে প্রতিবাদ করেছি। এ জ্বালানির দাম তিন দফা বাড়িয়েছে সরকার। সবসময় সহনীয় পর্যায়ের কথা বলা হয়েছে। যে বাড়িয়েছে তার জন্য সহনীয় হতে পারে। কিন্তু জনগণের জন্য।
তিনি আরো বলেন, আমরা আর ফাইল উঠানোর বিরোধী দল হয়ে থাকতে চাই না। জাতির স্বার্থে বিরোধীদল হতে চাই। এ সময় তিনি গণভোট বাস্তবায়ন না করার পেছনে সরকারের সমালোচনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা'ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।










