ইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য
করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হজ ব্যবস্থাপনা নিজেই তদারক করছেন। এর মাধ্যমে হজের
যাবতীয় কার্যক্রম সহজ ও সুন্দর হচ্ছে। খবর বাসস।
শুক্রবার (১০ মে) বেলা সাড়ে এগারোটায় সিংড়া কেন্দ্রীয় মসজিদে চলতি
বছরে হজ গমনেচ্ছু ব্যক্তিদের সম্মানে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী
এসব কথা বলেন। আরাফাতি হাজী কল্যাণ সমিতি এ সমাবেশের আয়োজন করে।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন,
তাবলীগ জামাতের জন্য কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা এবং ইজতেমার জন্য টঙ্গিতে জমি বরাদ্দ
দিয়েছেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে নান্দনিক
সৌন্দর্যমন্ডিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের হজযাত্রীদের সব কার্যক্রম সহজ ও সুন্দর করতে
সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। কোনো হজযাত্রী যেন প্রতারিত
না হন, সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোনো কাজ করেন, তার
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের মানুষের কল্যাণ, সমৃদ্ধি এবং ইসলামী উম্মাহর ঐক্য কামনা করে
হ্জযাত্রীদের দোয়া করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় তিনি প্রায় ২শ’ হজ গমনেচ্ছু
যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।
আরাফাতি হাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র
মো. জান্নাতুল ফেরদৌস ও আরাফাতি হাজী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট
হারুন-অর-রশীদ বক্তব্য রাখেন।










