ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘বৈশ্বিক করোনা মহামারীর সময়ে আমি দায়িত্বভার গ্রহণ করি। করোনার মাঝেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অগ্রযাত্রা নিশ্চিত করতে প্রায় সব খাতেই আমরা আমূল পরিবর্তন আনতে সচেষ্ট হই। একটি উন্নত, বাসযোগ্য ঢাকা বিনির্মাণে গত চার বছরে সিটি করপোরেশনের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম-দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিত, বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন সাধন, আদি বুড়িগঙ্গা চ্যানেলসহ মাণ্ডা, শ্যামপুর, জিরানি ও কালুনগর খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ, বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করেছি।’

নগর ভবনে গতকাল দায়িত্বভার গ্রহণের চার বছর পূর্তিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘সুশাসন নিশ্চিত করা হয়েছে তেমনি মাঠপর্যায়সহ করপোরেশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মোদ্যম সঞ্চারিত হয়েছে। ফলে দুর্নীতি কমেছে, রাজস্ব আয় বেড়েছে।’