সহকারী প্রোগ্রামারকে যৌন নিপীড়নের অভিযোগে যশোরের অভয়নগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শরিফ মোহাম্মদ রুবেলকে প্রত্যাহার করা হয়েছে। গত রোববার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। একই অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

২২ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর কর্মক্ষেত্রে যৌননিপীড়ন এবং প্রাণনাশের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ দেন ওই প্রোগ্রামার। অভিযোগের একদিন পর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর প্রথম শ্রেণীর ওই নারী কর্মকর্তাকে মানিকগঞ্জ শিবালয় উপজেলায় বদলি করে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোহাম্মদ রুবেলকে প্রত্যাহার করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। গত রোববার রিলিজও দেয়া হয়েছে। তাকে পদায়ন না করে হেড অফিসে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযোগের বিষয়ে আমার বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। তবে আমি নির্দোষ। আমি কখনই ওই নারী কর্মকর্তার সঙ্গে কোনো অসদাচরণ করিনি।