বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ মে) বিকালে রাজধানীর বনানী কবরস্থানে বাবা, মা ও ছোট ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। খবর বাসস।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হায়দার আকবর খান রনোর জানাজা হয়।

সোমবার সকাল ১০টার দিকে হায়দার আকবর খান রনোর মরদেহ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে আনা হয়। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

মুক্তি ভবনে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র‌্যালি নিয়ে হায়দার আকবর খান রনোর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ দেয়া হয়।

গার্ড অব অনারের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়। বেলা সোয়া একটা পর্যন্ত সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান।

শুক্রবার (১০ মে) রাত ২টা ৫ মিনিটে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো। প্রবীণ এ বামপন্থী নেতা গত ৬ মে সন্ধ্যায় অসুস্থতা নিয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্রনিক ফুসফুসের রোগে আক্রান্ত হায়দার আকবর খান রনো যান্ত্রিক অক্সিজেন সহায়তার ওপর নির্ভরশীল ছিলেন। ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন হায়দার আকবর খান রনো। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১০ সালে মতভিন্নতার কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ছেড়ে তিনি সিপিবিতে যোগ দেন। ২০১২ সালে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়। এরপর তিনি সিপিবির উপদেষ্টা হন।