ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ারদার‌। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গতকাল দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

‌আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে যে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ারদার‌।’

সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

ঝিনাইদহ-১ আসনের টানা পাঁচবারের সংসদ সদস্য আবদুল হাই (৭২) বার্ধক্যজনিত অসুস্থতায় গত ১৬ মার্চ থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর কারণে আসনটি শূন্য হওয়ায় ২৩ এপ্রিল নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৭ মে। আগামী ৫ জুন ভোট গ্রহণ হবে।

এ উপনির্বাচনে মোট ২৫ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল করিম, শৈলকুপা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এম হাকিম আহম্মেদ, শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার প্রমুখ।