ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক হওয়ার ব্যাপারটি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি এতদিন ছিল না। তাই বিগত সরকারকে সরাতে গণ-অভ্যুত্থান প্রয়োজন ছিল। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি কীভাবে গণতান্ত্রিক হবে তা নিশ্চিত করতে হবে। সহিংস বা প্রতিহিংসার রাজনীতি যাতে ফিরে না আসে, সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় আমাদের ঐক্যে পৌঁছাতে হবে।

তিনি বলেন, বহু আগে থেকে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলছিল, এরই ধারাবাহিকতায় আমরা এ সংস্কারের কথা বলছি। আহ্বান থাকবে আমরা বর্তমানে কী করছি এবং ভবিষ্যতে কী থাকবে। আমাদের দেশে মূলত পার্শ্ববর্তী দেশের ইঞ্জিনিয়ারিং প্রতিফলিত হয়েছে। আমাদের বৈদেশিক নীতিতে ঐকমত্য দরকার। একক বৈদেশিক নীতি থাকা উচিত। জাতীয় অর্থনীতি গড়ে তুলতে হবে।

নাহিদ বলেন, আমলাতন্ত্র নির্ভর করে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের অনেক সীমাবদ্ধতা আছে তা আমরা স্বীকার করছি এবং সেখান থেকে কীভাবে বের হওয়া যায় তা চিন্তা করছি।