রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় মোটরসাইকেলের
নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ইশতিয়াক ইসলাম শাফিন (১৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যু
হয়েছে। দুর্ঘটনায় ইমাম হাসান (১৯) নামে তার বন্ধু আহত হয়েছেন। আজ রোববার (৫ মে) ভোরে
এ দুর্ঘটনা ঘটে।
শাফিন উত্তরা কমার্স কলেজের একাদশ শ্রেণীর
শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মোহাম্মদ পাভেল জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে
বের হযয়েছিলেন। বাসায় ফেরার পথে বিমানবন্দর গোলচত্বরে এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ
হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তারা। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে উদ্ধার করে প্রথমে
স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া
হয়। সেখানে শাফিনকে মৃত ঘোষণা করা হয়। আহত ইমামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন
চিকিৎসক।
মোহাম্মদ পাভেল আরো জানান, শাফিনের বাড়ি গাজীপুরের টঙ্গীতে।
তার বাবার নাম মো. আব্দুর রশিদ। তারা চার ভাই ও এক বোন। সে পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ
মো. বাচ্চু মিয়া জানান, মরদহ ময়নাতদন্তের জন্য
হাসপাতালের মর্গে রাখা হয়েছে।










