বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেনো মহাদুর্নীতিবাজদের
সাফসুতোর ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। সোমবার (২০ মে) নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ
মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ যেন এমনই ‘ওয়াশিং মেশিন’
যে এর ভেতর দিয়ে ঢুকলে লুটেরা, হরিলুটকারী, টাকা পাচারকারী মহাদুর্নীতিবাজরা সাফসুতরো
হয়ে যায়। শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে
পারে।
সরকারঘনিষ্ঠদের ঋণের নামের হাজার কোটি টাকার পাচার
করার অভিযোগও করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, নিয়ম-নীতি না মেনে ক্ষমতাঘনিষ্ঠের কাছে
হাজার হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা। ঋণখেলাপীর
পরিমাণ এতটাই বেড়েছে যে, দেশের আর্থিক খাত এখন শুন্যের মধ্যে ঝুলছে।
রিজভী বলেন, যেকোনো সময় ভয়ংকর ক্র্যাশল্যান্ডিং
হতে পারে। আর তাই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী নেতাদের সারাক্ষণের নিত্যসঙ্গী। মানুষের
মনোযোগকে ধুসর ও বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য-বিবৃতি দিচ্ছে।
অথচ বিরোধী নেতাদের প্রতি রীতি ও শালীনতা উপেক্ষা করে ক্রমাগত বিষোদগার করা হয়। বিরোধী
দলের কথাবলা, স্বাধীন মত প্রকাশ করা আওয়ামী নীতিবিরুদ্ধ।
ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী
ছিলেন উল্লেখ করে তিনি বলেন, অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় ডামি সরকার মনে
করছে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার নিদারুণ ব্যাঘাত ঘটাবে। ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী
শাসকগোষ্ঠী অস্বস্তিবোধ করছে। ডামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা
চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে।










