রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। খবর বাসস। 

নিহতদের একজন হলেন পিকআপ ভ্যানচালক বাবুল চিশতি (৪৪) এবং অপর জনের নাম কবির হোসেন বেপারী (৪৮)। নিহত দুজনের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট ও ভেদরগঞ্জে।

রোববার (৫ মে) দিবাগত রাত ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত পৌনে ৩ টার দিকে পিকআপ ভ্যানচালক বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভোর সাড়ে ৫ টার দিকে মারা যান কবির হোসেন।

সোমবার (৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পথচারী তরিকুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার মধ্যরাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় পিকআপ ভ্যানটি ইউটার্ন নেয়ার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা ছিল গুরুতর। 

এদিকে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, রাত ২টার দিকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন তুহিন পরিবহনের একটি বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়।

খবর পেয়ে নিহত কবির হোসেন বেপারীর স্ত্রী নাসরিন বেগম ঢামেক হাসপাতালে গিয়ে তার স্বামীর মরদেহ শনাক্ত করেন।

পিকআপ ভ্যানের চালক বাবুল চিশতি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের আব্দুর রশিদ আকন্দের ছেলে। নিহত কবির হোসেন একই জেলার ভেদরগঞ্জ থানার সিঁংঢালা গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে।