কাজের উদ্দেশ্যে বিদেশ যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে প্রযোজ্য বহির্গমন ছাড়পত্রের জন্য প্রদেয় ‘কল্যাণ ফি’র পরিমাণ বাড়ানো হয়েছে। এ ফি বাবদ এখন থেকে গুনতে হবে সাড়ে ৫ হাজার টাকা, যা আগে ছিল সাড়ে ৩ হাজার টাকা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে গত রোববার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমাগত বেড়ে যাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিতকরণ এবং ডলারের বাজারমূল্যের সঙ্গে সমন্বয়ের জন্য কল্যাণ ফি (বিদেশগামী/বিদেশে অবস্থানরত/বিমানবন্দর থেকে আদায় করা) ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের শাহজালাল বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের উপ পরিচালক শরিফুল ইসলাম জানান, আগামী ১ অক্টোবর নতুন এ কল্যাণ ফি কার্যকর হবে।

এর আগে ২০১৫ সালে সরকার বিদেশগামীদের জন্য ৩ হাজার ৫০০ টাকা কল্যাণ ফি নির্ধারণ করেছিল।

কল্যাণ ফির সঙ্গে বীমা ফি হিসেবে ১ হাজার টাকা দিতে হয় আবেদনকারীকে। তবে বিএমইটির স্মার্ট কার্ডের জন্য একসময় ৫০০ টাকা ফি আদায় করা হলেও বর্তমানে তা দেয়া হচ্ছে বিনামূল্যে।

কল্যাণ ফি ও সামাজিক সুরক্ষার আওতায় নিবন্ধিত প্রবাসী কর্মী ও তাদের পরিবার একাধিক সরকারি সুবিধা পেয়ে থাকেন।

এর মধ্যে রয়েছে প্রবাসে কোনো কর্মীর মৃত্যু হলে ঢাকা, চট্টগ্রাম বা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে দাফন ও পরিবহন বাবদ ৩৫ হাজার টাকার চেক। এছাড়া নিহত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ৩ লাখ টাকা এককালীন অনুদান দেয়া হয়।

অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, তাদের সন্তানদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী ডেটাবেজ এন্ট্রিসহ সার্বিক তদারকিও এ সেবার অংশ হিসেবে দেয়া হয়ে থাকে।