দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট কাস্টমসের ব্যাগেজ স্ক্যানার মেশিনটি ১০ দিন ধরে অচল অবস্থায় রয়েছে। এতে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান পণ্য আনা-নেয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যাত্রীরা ব্যাগে কী আনা-নেয়া করছেন, তা দেখতে পারছে না কাস্টমস। সংশ্লিষ্টরা বলছেন, স্বর্ণ চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত বেনাপোল স্থলবন্দর। গত বছর বিজিবি সদস্যরা যশোর-বেনাপোল সড়ক থেকে ২০০ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছেন। এ অবস্থায় চেকপোস্ট কাস্টমসের ব্যাগেজ স্ক্যানার মেশিনটি নষ্ট থাকায় চোরাচালানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায়, দেশে আসা যাত্রীদের জন্য রাখা স্ক্যানার মেশিনটি অচল হয়ে পড়ে আছে। সচল মেশিনটি দিয়েই চলছে ভারতে যাওয়া-আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ।

ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা জানান, কাস্টমসের লাগেজ স্ক্যানার নষ্ট থাকায় ব্যাগেজ তল্লাশির জন্য তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান বলেন, ‘কাস্টমসের তল্লাশি কেন্দ্রে দুটি থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ করা হয়ে থাকে। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি হঠাৎ একটি স্ক্যানার নষ্ট হয়ে যায়। ফলে ভারতে যাওয়া পাসপোর্ট যাত্রীদের সচল ব্যাগেজ স্ক্যানার দিয়েই আসা-যাওয়া করা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করা হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’