কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো ৩ কোটি ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ তহবিলের মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, পুষ্টি, বিশুদ্ধ পানি এবং আশ্রয়ের জন্য জীবন রক্ষাকারী সহায়তা এবং মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে স্বনির্ভরতা গড়ে তোলার উদ্যোগ।
যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেফরি প্রেসকট যুক্তরাষ্ট্র সরকারের খাদ্যনিরাপত্তা, কৃষি ও মানবিক সহায়তা কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরকালে নতুন এ সহায়তা তহবিলের ঘোষণা দেন।
প্রেসকট বলেন, ‘আমরা রোহিঙ্গা শরণার্থী এবং এ সংকটে ক্ষতিগ্রস্ত আশ্রয়দানকারী বাংলাদেশীদের জন্য সমর্থন অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার এবং আমাদের সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মিয়ানমার, বাংলাদেশ এবং এ অঞ্চলে রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তার একক বৃহত্তম দাতা যুক্তরাষ্ট্র। এ সংকটের জন্য যুক্তরাষ্ট্রের মোট অর্থায়ন আগস্ট, ২০১৭ থেকে প্রায় ২৪০ কোটি ডলারে পৌঁছেছে, যার মধ্যে ১৯০ কোটি ডলার বাংলাদেশে শরণার্থী এবং আশ্রয়দানকারী জনগোষ্ঠীকে দেয়া হয়েছে।










