পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। হাইকমিশন প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশী এবং তাদের পরিবার অংশগ্রহণ করে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করা হয়।
বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপহাইকমিশনার মো. আমিনুল ইসলাম খান মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
আলোচনার সমাপনী বক্তব্যে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের দিন। আমরা এই দিনে মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তিনি বিশেষভাবে সম্ভ্রমহারা মা-বোনদের এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভবিষ্যতে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনের প্রত্যাশা জানান তিনি।
আলোচনা পর্ব শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর শুরু হয় শিশু-কিশোর ও প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপী আয়োজন শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অতিথিদের আপ্যায়নের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শেষ হয়।










