আমাদের দেশে এখনো উচ্চশিক্ষার সংস্কৃতি উন্নত হয়নি বলে মন্তব্য করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
রোববার (২২ ডিসেম্বর) বণিক বার্তা আয়োজিত প্রথম বাংলাদেশ উচ্চশিক্ষা সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টা ১৫ মিনিটে এ সম্মেলন শুরু হয়।
'উচ্চশিক্ষায় বৈশ্বিক মান: বাংলাদেশের করণীয়’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সম্মেলনে এনএসইউ উপাচার্য বলেন, আমাদের সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকার নিয়ন্ত্রণ করে। ফলে সেখানে শিক্ষা সংস্কৃতি উন্নত হয়নি। বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো চাইলে নিজেরাই কোর্স অন্তর্ভুক্ত করতে পারে৷ আমাদেরকে সেজন্য ইউজিসির অনুমতি নিতে হয়।
তিনি আরো বলেন, আমাদেরকে বিদেশী শিক্ষক আনতে গেলে বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) অনুমতি নিতে হয়। এখানে বিডার কাজ কী? আমাদের দেশে স্টুডেন্ট ভিসা নেই। পিএইচডি দেয়ার ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিভাজন থাকা উচিৎ নয়। যার যোগ্যতা থাকবে, সে-ই পিএইচডি দেবে।
তিনি আরো বলেন, আমাদের দেশে আমরা শিক্ষার্থীদের একটা নিরাপদ ক্যাম্পাস পর্যন্ত দিতে পারিনি। ক্যাম্পাসেই যদি আবরারের মতো কাউকে নিহত হতে হয়, তাহলে আমরা কীভাবে বৈশ্বিক মানদণ্ডে যাব?
সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিবেচনায় না নিয়ে যোগ্যতার ভিত্তিতেই গবেষণা খাতে ইউজিসির অনুদান দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।










