বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দেশের পাটকলগুলো নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। বেসরকারি লিজ দেয়া পাটকলগুলো আশানুরূপ ফলাফল দিতে না পারায় নতুন করে ভাবতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছেন। এ অঞ্চলের জুট মিলগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। এ এলাকায় শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এতে করে শ্রমিকদের সুদিন ফিরে আসবে। সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য যা যা করা দরকার সবকিছু করা হবে।’
তিনি গতকাল খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন জুট মিলগুলো এবং খুলনা টেক্সটাইলস মিল পরিদর্শন শেষে খালিশপুর জুট মিলস প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে এসব কথা বলেন।










