পার্বত্য রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেছেন, শুদ্ধ কথা
ও যুক্তি ছাড়া শুদ্ধ সমাজ ও নিজেকে গড়ে তোলা সম্ভব নয়, তাই বর্তমান প্রজন্মের মধ্যে
যুক্তি নির্ভরতা বাড়াতে হবে এবং যুক্তির মাধ্যমে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, বিতর্ক এমন একটি শিল্প, সমাজ সংস্কার থেকে শুরু করে নিজের
মেধা ও মননশীলতা গড়ে তুলে নিজেকে এগিয়ে নিতে কাজ করে। সমাজ সংস্কৃতি, রাষ্ট্রনীতি,
বিচার, প্রেম-ভালোবাসা সব ক্ষেত্রে বিতর্ক শিল্প একটি স্থান দখল করে নিতে শুরু করেছে।
যুক্তির আলোয় সৃজনশীলতা আর বিশ্লেষণী শক্তির সমন্বয়ে এ শিল্পের বহিঃপ্রকাশ ঘটে ক্ষুরধার
বাচনভঙ্গিতে।
বুধবার (১ মে) রাঙ্গামাটির বার্গিলেক ভ্যালিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন
বাংলাদেশের (এনডিএফ বিডি) ১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্পের
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিতর্ক হচ্ছে যুক্তি-তর্কের মাধ্যমে নিজের মতামত প্রতিষ্ঠা
করা। একটি নির্ধারিত বিষয়ে পক্ষে-বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে
প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। বিতর্কের চর্চা এখন বিশ্বজুড়ে চলছে। দেশের
সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে বিতর্কের জয়গান।
বর্তমানে দেশে বিতর্ক সংঘবদ্ধ রূপ লাভ করেছে উল্লেখ করে তিনি আরো
বলেন, আমাদের দেশে বিতর্ককে জনপ্রিয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশ
টেলিভিশন। বিভিন্ন প্রজন্মের বিতার্কিকরা বিটিভিতে প্রদর্শিত বিতর্ক অনুষ্ঠান দেখে
অনুপ্রাণিত হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আজকের এ অনুষ্ঠানের সভাপতি দুর্দান্ত
বিতার্কিক একেএম শোয়েব ভাইয়ের বিতর্ক চর্চা দেখতাম। তখনকার সময়ে আমার স্বপ্নের মানুষ
ছিলেন তিনি। তার কথা বলার ধরন, বাচনভঙ্গি এবং বিতর্কের বিষয়গুলো আমাকে আজো নাড়া দেয়।
এনডিএফ বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম শোয়েবের সভাপতিত্বে এবং
এনডিএফ বিডির মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) এম আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরিচালক মো. আনিসুর রহমান, গ্লোবাল ভিলেজ রাঙ্গামাটির
সাবেক সভাপতি ফজলে এলাহী, এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, কো-চেয়ারম্যান তাহসিন
রিয়াজ, যুগ্ম মহাসচিব তুষার ধর, মাহমুদ হাসান এবং এনডিএফ বিডির সাংগঠনিক সম্পাদক লুভনা
আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে একেএম শোয়েব বলেন, কথাই হলো সভ্যতা। আর যারা বিতর্ক
করে তারা আধুনিক মানুষ এবং তারাই আধুনিক শিল্পী। তাই জ্ঞানভিত্তিক সুন্দর বাংলাদেশ
গড়ে তুলতে বিতর্কের বিকল্প নেই।
তিনি বলেন, প্রত্যেক বিতার্কিক একজন ক্ষুদে রেনেসাঁ মানব। মানব সভ্যতার
আলোকায়নের যে সুদীর্ঘ যাত্রা, সে যাত্রায় আজ বিতার্কিককে নেতৃত্ব দিতে হবে। আমরা প্রায়ই
শুনি শক্তিশালী গণতন্ত্র ও কার্যকর সংসদের গুরুত্বের কথা। যুক্তিস্নাত সে রাঙ্গা প্রভাতটি
বিতার্কিকরাই এনে দিতে পারেন।










