ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোটের হার ৩০-৪০ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে বিকালে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোট পড়ার হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে হতে পারে। সকালে বৃষ্টি এবং ধান কাটার মৌসুম বিধায় ভোট পড়ার হার কম হতে পারে। ভোটাররা ধান কাটতে থাকায় ভোট কেন্দ্রে আসেনি, এটা জানতে পেরেছি। এছাড়া কিছু জায়গায় ঝড়-বৃষ্টিও হয়েছে।’
সিইসি বলেন, ‘১৩৯ উপজেলায় আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন সংঘর্ষে কিছু আহত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।’










