জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন সনদ ও কভিড-১৯ টিকা কার্ডের গোপন তথ্য জালিয়াতির মাধ্যমে বাণিজ্য করে প্রায় কোটি টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা হলেন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর মো. জামাল উদ্দিন ও লিটন মোল্লা।
গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘গত মঙ্গলবার লিটন মোল্লাকে বাগেরহাট থেকে ও জামাল উদ্দিনকে পাবনা থেকে গ্রেফতার করে সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পৃথক দুটি টিম। মূলত সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি করতে গিয়ে এ চক্রের সন্ধান পায় সিটিটিসির ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। দীর্ঘদিন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. জামাল উদ্দিন নির্বাচন কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর। তার সহায়তায় লিটন মোল্লা নির্বাচন কমিশন সার্ভার থেকে এনআইডি সংক্রান্ত তথ্য সংগ্রহ করত।










