বিটিআরসির লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর গ্রাহকসেবা নিশ্চিতের পাশাপাশি সব নাগরিকের তথ্য ও নেটওয়ার্ক ব্যবস্থা সুরক্ষিত করতে হবে। আর সেবা নিশ্চিতের জন্য বিটিআরসির ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি এক্সটার্নাল আইটি অডিটের ব্যবস্থা করতে হবে। এছাড়া ফাইভজি নেটওয়ার্কের জন্য যেসব তরঙ্গ বরাদ্দ হয়েছে, তা যেন ফোরজি সেবার মানোন্নয়নে ব্যবহার হয়, সে বিষয়ে বিটিআরসি উদ্যোগ নেবে।
গতকাল রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত গণশুনানিতে এসব নির্দেশনা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গণশুনানিতে রিচার্জের মেয়াদবিষয়ক এক প্রশ্নের জবাবে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, ‘আমাদের অনেক গ্রাহকেরই চাহিদা আছে রিচার্জের মেয়াদ আনলিমিটেড করার।’










