মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আইজিপি বাহারুল আলম শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের সময় পুলিশের একটি চৌকস দল সশ্রদ্ধ সালাম জানায় এবং একই সঙ্গে বিউগল বাজানো হয়। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. আলমগীর আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।