কানাডার অন্টারিও প্রদেশের মিসিসাগায় দ্য ইন্টারন্যাশনাল সেন্টারে শুরু হয়েছে তিনদিনব্যাপী 'অ্যাপারেল টেক্সটাইল সোর্সিং কানাডা (এটিএসসি) ২০২৬' বাণিজ্য মেলা। গতকাল বুধবার শুরু হওয়া বাণিজ্য প্রদর্শনী চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

জেপি কমিউনিকেশনস ইনকরপোরেশন আয়োজিত ও প্রযোজিত এবারের এটিএসসি ২০২৬-এ বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় বাংলাদেশের ১৩টি স্বনামধন্য তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। কানাডিয়ান অ্যাপারেল ফেডারেশন (সিএএফ) এ প্রদর্শনীর অফিসিয়াল ন্যাশনাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার প্রথম সচিব (বাণিজ্যিক) সাখাওয়াত হোসেন এবং বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও বাণিজ্য প্রতিনিধিরা।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার যৌথ উদ্যোগে স্থাপিত পৃথক বুথে বাংলাদেশের বিভিন্ন রফতানিযোগ্য পণ্যের প্রচারমূলক ব্রশিওর ও তথ্যসামগ্রী প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে কানাডার আমদানিকারক, ক্রেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের কাছে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা এবং বহুমুখী রফতানি পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।

এবারের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্য দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণের কথা রয়েছে। ১০০টিরও বেশি বুথে প্রায় ২৫০টি আন্তর্জাতিক কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে অ্যাপারেল ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী পণ্য এবং টেকসই উপকরণের ব্যবহার।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের ১৩টি প্রতিষ্ঠান হলো— DK Global Fashion Wear Ltd., Gatsby Group, Aane Tex BD Ltd., Knit Fair Ltd., Fiat Fashion Limited, Warptex Bangladesh, Ducati Apparels Ltd., Ashraf-ul Sweater (Pvt.) Ltd., NRN Knitting & Garments Ltd., Zero Yards International Limited, Elite Garments Industries Limited, S.I. Composite Ltd. এবং Amanah Apparels।

এটিএসসি ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ কানাডার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় বাণিজ্য আরো সম্প্রসারণ ও বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।