অর্থ পাচার প্রতিরোধ আইনের ১৫ মামলায় আলোচিত প্রশান্ত কুমার (পিকে) হালদারের সহযোগী হিসেবে পরিচিত বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এ দম্পতি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ছিলেন।
সোমবার (১৩ মে) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এ বিষয়ে দুদকের প্যানেলভুক্ত আইনজীবী খুরশিদ আলম বণিক বার্তাকে বলেন, বাসুদেব- পাপিয়া দম্পতির ১৫ টি মামলার মধ্যে একটিতে চার্জশিট দেয়া হয়েছে। এ অবস্থায় আগাম জামিন দেয়া যায় না। এ বিষয়টি আদালতের সামনে তুলে ধরি। সবকিছু শুনে এ দম্পতির আগাম জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আদালত। এছাড়াও আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।










