তীব্র তাপপ্রবাহের পর চট্টগ্রামে বৃষ্টি নেমেছে। ভোর থেকে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।

বুধবার (১ মে) বিকাল থেকে চট্টগ্রামের আকাশে মেঘের আনাগোনা বাড়ছিল। মধ্যরাতেও কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস থেকে চট্টগ্রামে বৃহস্পতিবার (২ মে) ও শুক্রবার (৩ মে) বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। তবে সকাল ৯টা থেকে পরবর্তী ৩ ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য এখনো হালনাগাদ করেনি আবহাওয়া অফিস।

টানা দুই সপ্তাহের তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস দেখিয়েছেন সব শ্রেণী ও পেশার মানুষ। অনেককে মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আবদুল বারেক জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এর পর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। প্রতি তিন ঘণ্টা পর পর আমরা বৃষ্টির পরিমাপ নিয়ে থাকি। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছে চট্টগ্রামে।

তিনি আরো জানান, কালবৈশাখী ঝড়ের প্রভাবে আজ চট্টগ্রামে বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা আছে। নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।