গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় বেতন বকেয়া রেখেই বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। গতকাল বেলা ১টা পর্যন্ত টঙ্গীর দত্তপাড়ায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা বকেয়া বেতন ও কারখানা খুলে দেয়ার দাবি জানান।
শ্রমিকরা জানান, সকাল ৮টায় কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পান তারা। পরে তারা কারখানার সামনের সড়কে অবস্থান নেন। সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেটে অবস্থান নেন।
এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা প্রধান সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান নেয়।
এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা বকেয়া বেতন পরিশোধসহ কারখানা খুলে দেয়ার দাবি জানান।
কারখানার শ্রমিকরা জানান, কারখানাটিতে কাজ করেন ১ হাজার ৩০০ শ্রমিক। এপ্রিলের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। কয়েক দিন ধরে বেতন দেয়ার তারিখ ঘোষণা করেও পরিশোধ করছে না মালিক পক্ষ।
এ বিষয়ে মন্তব্য জানতে কারখানা মালিক ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।










