বর্তমানে করপোরেট সেক্টরসহ সব জায়গায় নারীদের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীরা যখন আর্থিক শিক্ষায় শিক্ষিত হয়, তখন সমাজে তার গুরুত্ব অনেক বৃদ্ধি পায়। আর আর্থিক শিক্ষায় শিক্ষিত হবার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যায়। অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীদের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ড. এটিএম তারিকুজ্জামান। 

তিনি সোমবার (২৯ এপ্রিল)  নারী বিনিয়োগকারীদের জন্য সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

কর্মশালায় ডিএসইর এমডি বলেন, নারীরা যখন শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক সংস্থান এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়, তখন তারা সামগ্রিকভাবে অর্থনীতি ও সমাজে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। বিনিয়োগে নারীরা বিভিন্নভাবে এগিয়ে আসতে পারে, যেমন নারী শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহায়তা, সংগঠনে নারী নেতৃত্বের প্রচার ইত্যাদি। শুধুমাত্র নারীরা নিজেরাই নয় বরং তাদের পরিবার, সম্প্রদায় এবং বৃহত্তর অর্থনীতিকেও উপকৃত করতে পারে। নারীরা বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

প্রশিক্ষণ কর্মশালায় আর্থিক শিক্ষার মাধ্যমে নারী ক্ষমতায়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ফারহানা ফারুকী। পুঁজিবাজারের মৌলিক বিষয়, বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি এবং মৌলিক বিনিয়োগ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ডিএসই ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।