রাজধানীর উত্তরায় একটি ছয়তলা ভবনের নিচতলায় রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। তবে ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। অন্যদিকে নিচতলায় আগুনের ফলে ভবনের ওপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। এদের মধ্যে সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টের নিচতলায় গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত। ভবনের ওপরে আবাসিক বাসিন্দারা থাকতেন। তারা অনেকেই আটকা পড়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। নিচতলায় আগুনের সূত্রপাত হলেও কিছুটা আগুনের বেগ কমেছে। তিনি জানান, ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটি। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেয়া হয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।










