জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লড়াই শুরু হয়েছিল, তা বারবার বাধার মুখে পড়ছে। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটি বাস্তবায়নেও নানা বাধা আসছে। আর এ বাধার সাম্প্রতিক সংযোজন হলো জুলাই গণ-অভ্যুত্থানের সৈনিক ওসমান হাদির ওপর গুলি।

আজ রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিস্ট শাসনের অবসানের পর দেশ যখন গণতান্ত্রিক ধারায় ফেরার লক্ষ্যে নির্বাচনের পথে এগোচ্ছে, ঠিক তখনই এ আক্রমণ হলো। তিনি এ হামলাকে ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনীদের বুদ্ধিজীবী হত্যার ঘটনার সঙ্গে তুলনা করেন। তবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সংকট থেকে উত্তরণ সম্ভব বলেও জানান তিনি।

শ্রদ্ধা জানাতে এসে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে দেশের বুদ্ধিজীবীরা একদিন জীবন দিয়েছেন বলেই স্বাধীন দেশ পেয়েছি আমরা। তিনি বলেন, আজও যারা সত্যের পক্ষে থাকবে, শেষ পর্যন্ত বিজয় তাদেরই হবে। ইতিহাসে মিথ্যা কখনো টেকেনি বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় আরো ছিলেন জেএসডির সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু ও মোহাম্মদ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপুসহ দলের অন্যান্য নেতারা।