জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৬৬ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭৭ শতাংশ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। এ সময় ভোট গণনা শুরুরও ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে। ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কি না। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।

জকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১৭ হাজার ৮৭৯ জন। ভোট দিয়েছেন ১১ হাজার ৮৩৩ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৪৬ জন। ভোটার উপস্থিতি ছিল ৬৬ দশমিক ১৮ শতাংশ।

এর আগে আজ সকাল ৯টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে নির্ধারিত সময়ের পরও অর্থনীতি, ইতিহাস, ইসলামিক স্টাডিজসহ বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোটগ্রহণ চলছিল।

ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বাক্স আনা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অবস্থিত জকসুর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে। ভোট গণনা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে।