বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে তারা গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাড়িতে অবস্থান নেন। গতকাল দুপুরে টঙ্গীর খাঁ পাড়ার মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, মিফকিফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ৮০০ শ্রমিক কাজ করেন। সকাল ৮টায় কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। কয়েক ঘণ্টা পর তাদের কয়েকজন বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। এ সময় কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো সিদ্ধান্ত শ্রমিকদের জানায়নি। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে কারখানা ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খাঁ পাড়ায় মহাসড়ক অবরোধ করেন। প্রায় ১০ মিনিট পর বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গাজীপুরের বোর্ড বাজার হারিকেন এলাকায় মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে অবস্থান নেন।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি দ্রুতই বেতনের ব্যবস্থা করবেন।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, ‘এপ্রিলের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। কয়েক দিন ধরে বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ ব্যর্থ হয়েছে। দুপুরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে তারা সিটি করপোরেশনের মেয়রের বাড়িতে অবস্থান নেন। তবে তাকে বাসায় না পেয়ে তারা যার যার বাসায় চলে যান।’










