অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানানোর জন্য ষড়যন্ত্র চলছে বলে ইঙ্গিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এই উপদেষ্টা।

অগ্নিকাণ্ড প্রসঙ্গে উপদেষ্টা তার পোস্টে বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা।