স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২০-২১ অর্থবছরে খুলনা বিভাগে চলমান বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা সভা গতকাল যশোর কার্যালয়ে হয়েছে। এতে সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আবদুর রশিদ খান।

এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (খুলনা) মো. মোখলেসুর রহমান, মোসলে উদ্দিন (সদর দপ্তর), আলী আক্তার, এএনএম এনায়েত উল্লাহ, যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল বাছেদ, যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মীর্জা মো. ইফতেখার আলী প্রমুখ। এ সময় খুলনা বিভাগের ১০ জেলার নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে গ্রামীণ যোগাযোগ সরাসরি সম্পৃক্ত। দেশে এলজিইডির আওতাভুক্ত বিভিন্ন শ্রেণীর মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৫৩ কিলোমিটার গ্রামীণ সড়ক আছে। যার প্রায় ১ লাখ ৫০ হাজার কিলোমিটার পাকা সড়ক। এসব সড়ক প্রধানত গ্রোথসেন্টার ও বাজার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, খামার, আর্থিক, শিক্ষা, সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান এবং পল্লী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোয় যাতায়াত সুগম করেছে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বাজারজাত সুবিধা, খামার পর্যায়ে কৃষি উপকরণ সহজলভ্য সম্ভব হয়েছে। অগ্রসরমাণ অর্থনীতিকে আরো বেগবান করার লক্ষ্যে গ্রামীণ এ পাকা সড়ক-নেটওয়ার্কগুলো যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মিত অবকাঠামোর স্থায়িত্বকাল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে টেকসই সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।