জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বাইরে রাখার সুপারিশের প্রতিবাদে সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। প্রশাসন ক্যাডার ছাড়া সিভিল সার্ভিসের বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এই কর্মবিরতিতে অংশ নেন। সারাদেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একযোগে এ কর্মবিরতি পালন করা হয়।

kolom

জনপ্রশাসন সংস্কার কমিশনের সাম্প্রতিক সুপারিশে উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা এবং বাকি ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগের প্রস্তাব দেয়া হয়। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ করা হয়।

পরিষদের দাবি, এসব সুপারিশ কোনো আলোচনা ছাড়াই করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত সিভিল সার্ভিসের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে। তাই এ সিদ্ধান্তের প্রতিবাদে কলম বিরতিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

kolom 2

এসব কর্মসূচির মধ্যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের সব অফিসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও আগামী ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। এ সমাবেশ থেকে আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। কলম বিরতি ছাড়াও তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।