রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন প্রায় ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি হবে। এর সদস্য সংখ্যা ৫ জনও হতে পারে, ১১ জনও হতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ের ৬ তলায় রাত ১টা ৫০ মিনিটে আগুন ধরে। ফায়ার সার্ভিসকে ১টা ৫২ মিনিটে খবর দেয়া হয়। তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার শাহাদাত বরণ করেছেন। একটি পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়া হলে তিনি শাহাদাত বরণ করেন। এছাড়া আরো ২-৩ জন সামান্য আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

তিনি আরো বলেন, আমরা এখন ভেতরে দেখব। সব কিছু পর্যবেক্ষণ করে কিছু জানাতে পারি কিনা দেখব। আমরা এ ব্যাপারে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করছি। মন্ত্রিপরিষদ সচিবকে সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে।

তদন্ত কমিটি কত সদস্যবিশিষ্ট হবে তা এখনই জানাননি স্বরাষ্ট্র উপদেষ্টা। নাশকতার চেষ্টায় আগুন দেয়া হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের আগে এ প্রশ্নের জবাব দেয়া সম্ভব নয়।