বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ আয়োজন শুরু হয়।
এবারের অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা পাচ্ছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য তাকে সংবর্ধনা (মরণোত্তর) দেয়া হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সাইফুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত ও স্মৃতিচারণ করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
বণিক বার্তা ও বিআইডিএস এবারে সপ্তমবারের মতো ‘গুণীজন সংবর্ধনা’ আয়োজন করছে। এর আগে ২০১৪ সালে অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২০১৫ সালে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও ড. সালেহউদ্দিন আহমেদ, ২০১৭ সালে অধ্যাপক রেহমান সোবহান ও ২০১৯ সালে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ও আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দেয়া হয়।
২০২২ সালে সংবর্ধনা দেয়া হয় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও ট্রাস্টি অধ্যাপক ড. রওনক জাহান এবং প্রয়াত অর্থনীতিবিদ ড. আকবর আলি খানকে (মরণোত্তর) ও ২০২৩ সালে সংবর্ধনা দেয়া হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ এ বি এম মো. আজিজুল ইসলাম এবং সাবেক সচিব ড. মসিউর রহমানকে।










