যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অভ্যন্তরীণ বৃত্তি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ৩৫৯ শিক্ষার্থী। অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক এককালীন ৩ হাজার টাকা করে পেয়েছেন। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে এ অর্থ শিক্ষার্থীদের নিজস্ব অ্যাকাউন্টে পাঠায় যবিপ্রবি কর্তৃপক্ষ। এর আগে ২০২০ সালে বিভিন্ন বিভাগের ১১৩ জন শিক্ষার্থী এ বৃত্তি পান।
গত নভেম্বরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভ্যন্তরীণ বৃত্তি বণ্টন কমিটির সভায় ২০২০-২১ অর্থবছরে প্রতি বিভাগের প্রতি বর্ষ থেকে সর্বোচ্চ চারজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ খাত থেকে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তর থেকে বৃত্তির টাকা প্রদান করা হয়।










