খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন রাজবাড়ী স্টেশনে এসে লাইনচ্যুত হয়েছে। এতে রাজবাড়ীর সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ৭ টায় রাজবাড়ী ২ নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে মেইন লাইন ব্লক হয়ে যাওয়ায় আপাতত রাজবাড়ীর সঙ্গে ঢাকা, রাজবাড়ী-দৌলতদিয়া, রাজবাড়ী-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেল স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, মালবাহী ট্রেন (স্টোর ভ্যানটি) খুলনা থেকে ছেড়ে এসেছিল। এটি সকালে রাজবাড়ীর ২ নং রেলগেট এলাকার ক্যারেজ এন্ড ওয়াগন ডিপোতে (সিক লাইন) ঢোকার সময় লাইনচ্যুত হয়।

আপাতত এ রুটে সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পোড়াদহগামী লোকাল শাটল ট্রেন পাচুরিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। রাজবাড়ীতেই উদ্ধারকারী রিজার্ভ ট্রেন রয়েছে। আশা করছি খুব শিগগিরই লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা যাবে।