আগামীকাল সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, তদন্ত কমিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা এরই মধ্যে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনে কিছু আলামত বিদেশেও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব এসব কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, আগামীকাল থেকে সচিবালয়ে সাংবাদিকরা অস্থায়ী পাশের মাধ্যমে ঢুকতে পারবেন। প্রাথমিকভাবে ২০০ সাংবাদিককে অস্থায়ী পাশ দেয়া হবে। এর মধ্যে সচিবালয় বিটে সাংবাদিকদের যে সংগঠন তার ১৬০ জন সদস্য এবং ৪০টি টিভি চ্যানেলের ক্যামেরাম্যানদের অস্থায়ী পাশ দেয়া হবে। এর বাইরেও ডিএমপির যে সেল রয়েছে সেখান থেকে পাস সংগ্রহ করতে পারবেন।
সচিবালয় অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন কি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নে আজাদ মজুমদার বলেন, এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। প্রকাশ করার বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।
আগামী ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই প্রক্লেমেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়। এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।










