রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর হোসেনকে তার পাঁচ সহযোগীসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি ইউনিট এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের পর বসিলা সেনা ক্যাম্প থেকে তিন সেকশন সেনা সদস্য দ্রুত সেখানে পৌঁছে আলমগীর ও তার সহযোগীদের আটক করে।

আলমগীরসহ সবাইকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।