দেশে প্রথমবারের মতো ‘ফার্স্ট ইন্ট্যারন্যাশনাল কংগ্রেস অন কাইন্ডনেস: অ্যা কী পিলার অব মোরালজি অ্যান্ড ইম্প্যাক্ট অন হ্যাপিনেস’ নামক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সম্মেলনটির আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মেলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. রুবাইউল মোর্শেদ।
তিনি বলেন, গবেষণায় দেখা গেছে, নিম্ন আয়ের মানুষের মধ্যে উদারতা সবচেয়ে বেশি, মধ্যবিত্তদের মধ্যে তা কম এবং উচ্চবিত্তদের মধ্যে সবচেয়ে কম। এছাড়া তিনি জানান, নারীরা পুরুষদের তুলনায় বেশি দয়ালু। সেমি আরবান নারীরা শহরের নারীদের তুলনায় বেশি দয়ালু।
ডা. রুবাইউল মোর্শেদ আরো বলেন, কাইন্ডনেস বা উদারতা মোরালজির প্রধান স্তম্ভ। এটি কোনো দুর্বলতা নয়, বরং ক্ষমতা। তিনি জানান, এ বিষয় নিয়ে বাংলাদেশের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থীকে নিয়ে গবেষণা করা হয়েছে। তাদের বয়স ছিল ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
সম্মেলনে স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট মতিউর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ এখনো উন্নয়নশীল দেশ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এখনো এ দেশের মানুষ বিপদে পড়ে। আর এ বিপদের সময় দেশের মানুষ আবার নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে। এ উদারতা দেশের মানুষের মধ্যে স্পষ্ট দেখা যায়।
সম্মেলনে বিদেশী অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা. ওসামু নাকায়ামা, অধ্যাপক ডা. মাসাআকি মাতসুশিমা, অধ্যাপক ডা. তাকাও ইনুকাই (জাপান), ডা. লেইথ ফিলিপ ক্রাকাওয়ার (লন্ডন), অধ্যাপক ডা. নারংসাক নুসোম (থাইল্যান্ড) এবং অ্যালান মারভিন উইলিয়ামস। (লন্ডন)। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়। এছাড়া ‘কাইন্ডনেস, মোরাল ভ্যালুস অ্যান্ড বর্ডার হ্যাপিনেস’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।










