রাজধানীসহ দেশের চলমান তাপপ্রবাহ গতকাল থেকে কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তা আরো প্রশমিত হবে বলে জানিয়েছে আবহাওয়ার অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গোপালগঞ্জ ও রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এতে চলমান তাপপ্রবাহের আওতা আরো কমবে।
তিনি বলেন, আজ ১২টি জেলায় মৃদু তাপপ্রবাহ থাকবে। এছাড়াও দেশের পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।










