দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, বগুড়া ও কুড়িগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে-

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মাদানীনগরে একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে জুয়েল সরকার (৩৬) নামে ডাম্প ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক রুবেল হাওলাদারকে হাইওয়ে পুলিশ আটক করেছে। গতকাল সকালে আল-আমিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর: জেলার হাজিরপাড়া বাজারে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়া: জেলার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় সাজু বেগম (৫০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার চালক মিঠুন ঋষি। গতকাল সকাল সাড়ে ৬টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পূর্ব ঢাকারোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু বেগম উপজেলার সান্দিড়া গ্রামের সরদারপাড়ার মোজাফফর রহমানের মেয়ে।

কুড়িগ্রাম: ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর ওয়াহিদ নাইস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানভীর ও তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সোনাহাট সেতু দেখতে যান। রাত ৮টার দিকে ফেরার পথে সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যান। এতে মোটরসাইকেলচালক তানভীর গুরুতর আহত হন। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।