চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিএন্ডসি) বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে উপদেষ্টা নবীন সৈনিকদের শপথ গ্রহণ করান এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এছাড়া বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সকালে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শপথ গ্রহণ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বিজিবির মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা ৮১৭ জন শহীদ সদস্যসহ দুজন বীরশ্রেষ্ঠ, আটজন বীর উত্তম, ৩২ জন বীরবিক্রম এবং ৭৮ জন বীরপ্রতীক খেতাবে ভূষিত বীরদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা চলতি বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। আহত ও নিহতদের পরিবারকে সহায়তায় বিজিবির মানবিক উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি আজ একটি সুসংগঠিত, চৌকস এবং দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্ত সুরক্ষায় এ বাহিনী দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নবীন সৈনিকদের শৃঙ্খলা, সততা এবং পেশাগত দক্ষতা বজায় রেখে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ১০২তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে প্রথম স্থান অধিকারী মো. নাঈম মন্ডলসহ সেরা রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এরপর চৌকস দল কর্তৃক সশস্ত্র সালামের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান শেষে বিজিবি সদস্যদের অংশগ্রহণে ট্রিক ড্রিল ও ব্যান্ড প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ গত ৩০ জুলাই শুরু হয়। ২৩ সপ্তাহের প্রশিক্ষণ শেষে ৬৯৫ জন রিক্রুটের মধ্যে ৬৪৯ জন পুরুষ এবং ৪৬ জন নারী প্রশিক্ষণ সম্পন্ন করেন। এ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সৈনিক জীবনে প্রবেশ করলেন।