রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কাচ্চি ভাই রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গ্রেফতারকৃত সোহেল সিরাজকে বুধবার (৮ মে) আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডি জানায়, বিমানবন্দরে নামার পরই অভিবাসন পুলিশ আটক করে সোহেল সিরাজকে মামলার তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করে। বেইলি রোডে আগুন লাগার পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। এ নিয়ে ভয়াবহ ওই আগুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজামউদ্দিন ফকির জানান, বেইলি রোডের আগুনের ঘটনায় করা মামলায় সোহেল সিরাজকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকালে সিআইডি সোহেল সিরাজকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের আটতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল বিরিয়ানির দোকান কাচ্চি ভাই রেস্তোরাঁ। এছাড়া ভবনটির অন্যান্য তলায়ও ছিল অনেকগুলো খাবারের দোকান। সাপ্তাহিক ছুটির আগের দিন বৃহস্পতিবার রাতে ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন নারী এবং ৮ শিশু ছিল। তারা সবাই খাবার খেতে ভবনটির বিভিন্ন রেস্তোরাঁয় গিয়েছিলেন। এ ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলাটি সিআইডি তদন্ত করছে।